জাহাঙ্গীর আলম, নড়াইল:
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাসানুর শেখ (৫৫)। তিনি ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর। এ সময় গাছের ছায়া নিজের জমিতে পড়বে—এমন আপত্তি তুলে তার চাচাতো ভাই হাসদেল শেখ। সুপারি গাছ লাগানো নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র নিয়ে হাসানুরের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স