টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে সকাল ৭টা ২০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত উপ-পরিদর্শক তপু খানের নেতৃত্বে একটি দল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নয়াপাড়া নগর ছাওয়ালী গ্রামে অভিযান চালায়। এ সময় মো. রোকনুজ্জামান (৩২) নামের এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
অপর অভিযানে একই ইউনিয়নের ভাতকুড়া গ্রামের পূর্বপাড়া টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে রাসেল (৩৭) ও মনিরুজ্জামান বাবু (৪০) নামে দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরও আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে উপ-পরিদর্শক তপু খান বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স