টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৮ জুন) উপজেলার সল্লা গ্রামের হামিদ প্রামানিকের রাইস মিলসংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কালিহাতী উপজেলার নাগা গ্রামের রনজু মিয়া (৪২) এবং ভূয়াপুর উপজেলার যদুরগাতী গ্রামের আবুল কাশেম (৫০)।
অভিযানে তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা দুই আসামিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির।
দেশ বাংলা টিভি ডেক্স