মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ আরও সংকুচিত হতে পারে। এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব দেখা গেছে। বিনিয়োগকারীরা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন।
বিশেষজ্ঞদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী কয়েক সপ্তাহেও তেলের বাজারে উচ্চ মূল্য ও অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
দেশ বাংলা টিভি ডেস্ক