মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে হবে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়, সহশিক্ষা কার্যক্রমও একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্বের গুণাবলি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রত্যেক তরুণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই মিলে দেশকে ভালোবেসে কাজ করলে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদ হক শানুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
দেশ বাংলা টিভি ডেক্স