আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, গতকাল গন্তব্যে পৌঁছানোর আগেই বুমেরদেস প্রদেশের এল কারমা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিভিল প্রোটেকশন বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহতদের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট তেব্বুন বলেন, সড়কে যারা অবহেলা ও দায়িত্বহীনতার মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করে, তারা সমাজের জন্য বড় হুমকি। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা।
দেশ বাংলা টিভি ডেক্স