নিজস্ব প্রতিবেদক | দেশ বাংলা টিভি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রায় এক মাস ধরে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবিরাম গ্যাস বের হয়ে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী তিতাস গ্যাসের পাইপলাইনে ছিদ্র সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত গ্যাস বের হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি চুন কারখানার জন্য অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা করতে গিয়ে পাইপলাইনে ক্ষতি হয়। এরপর থেকেই মূল্যবান প্রাকৃতিক গ্যাস অপচয় হচ্ছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
কিশোরগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ময়মনসিংহ কার্যালয়ের অধীনে; নদীতে পানি থাকায় মেরামতে জটিলতা হচ্ছে, তবে দুই-এক দিনের মধ্যে মেরামত শেষ হওয়ার আশা করা হচ্ছে। তিনি আরও জানান, কীভাবে ছিদ্র হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দীর্ঘদিন ধরে গ্যাস অপচয়ের ঘটনায় স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দেশ বাংলা টিভি ডেক্স