নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জনস্বার্থে পরিচালিত মাসব্যাপী বিশেষ অভিযানে মাদক, অবৈধ বালু ও মাটি উত্তোলন, বাজারে অনিয়ম এবং বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
ধারাবাহিক এ অভিযানে বিভিন্ন অপরাধে অর্থদণ্ড আদায়ের পাশাপাশি একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কয়েকটি বাল্যবিবাহ প্রতিরোধে সফল হয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন আইনে মোট ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ২৪টি মামলায় ২৪ জনকে দণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ২ লাখ ৩০ হাজার টাকা, বাজার তদারকিতে বিভিন্ন অনিয়মের কারণে ২৫ হাজার টাকা, জুয়া প্রতিরোধ আইনে ১ হাজার টাকা এবং বাল্যবিবাহ নিরোধ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শুধু আইন প্রয়োগেই সীমাবদ্ধ থাকেনি প্রশাসনের কার্যক্রম। অভিযানের সময় তাৎক্ষণিক হস্তক্ষেপের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক বার্তা দেবে এবং সামাজিক সচেতনতা আরও বাড়াতে সহায়ক হবে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান সবসময় কঠোর থাকবে। মাদক, অবৈধ বালু উত্তোলন, বাজারে অনিয়ম ও বাল্যবিবাহ প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স