স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিভর্তি খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে ছেড়ে আসা দশমিনা এক্সপ্রেস।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল ছিল। দুর্ঘটনার কয়েক মিনিট আগে যাত্রীরা চালককে ধীরে ও সতর্কতার সঙ্গে বাস চালানোর অনুরোধ করেন। তবে অভিযোগ রয়েছে, চালক দ্রুতগতিতে বাস চালাতে থাকায় একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছ ভেঙে সড়কের পাশের পানিভর্তি খাদে উল্টে পড়ে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে বাসের নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
।
দেশ বাংলা টিভি ডেক্স