\মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল কাশিমালা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়।
এ সময় এমপি মো. মোশারফ হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকিও বাড়ছে। প্রশাসনের এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)