টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ১৩০টি চায়না দুয়ারী জাল, ২ হাজার ৬০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে জনসম্মুখে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মো. রুহুল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স