স্টাফ রিটোর্টার:-
সিলেটের জকিগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ডাকাতির প্রস্তুতির অভিযোগে সন্দেহভাজন একটি পিকআপ আটকাতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) হামলার শিকার হন।
শনিবার (৮ আগস্ট) আদালত গ্রেপ্তার মারুফ আহমদ (২০) ও দিদার আহমদ (২৩)-কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনক একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পুলিশের নির্দেশ না মেনে দ্রুত পালানোর চেষ্টা করলে পিকআপটির পিছু নেয় পুলিশ।
একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি থামানোর চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তি রামদা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
হামলার পর পিকআপটি ঘটনাস্থলে ফেলে রেখে হাওরের দিকে পালিয়ে যায় সন্দেহভাজনরা। পরে সেখানে অভিযান চালিয়ে একটি রামদা, একটি চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।
আহত এসআই মোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় গ্রেপ্তার মারুফ আহমদ ও দিদার আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স