স্টাফ রিপোর্টার:-
গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পাবনার সুজানগর উপজেলার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে গাজীপুরের কাজীপাড়া এলাকায় থাকতেন তিনি।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ইয়াসিন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তারা সড়কে নেমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক পালিয়ে যায়। তবে গাড়িটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নেওয়া হয়েছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
দেশ বাংলা টিভি ডেক্স