চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দেশ ছাড়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন এলাকায় ডনকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর ঘটনাটিকে হত্যা হিসেবে উল্লেখ করে গত বছরের অক্টোবরে মামলা করা হয়। ওই মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং অভিনেতা আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত শুরুর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনাটি অপমৃত্যুর মামলা হিসেবে চলছিল। পরে গত ২০ অক্টোবর আদালতের নির্দেশে সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ডন ও সামিরা হকের ব্যবহৃত মোবাইল ফোন কিছু সময় সক্রিয় থাকলেও পরে তাদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছিল না। তারা আত্মগোপনে রয়েছেন বলে তদন্তসংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়।
মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দেয়। এর পরিপ্রেক্ষিতেই রোববার বিমানবন্দরে ডনকে শনাক্ত করে আটক করা হয়।
এদিকে মামলার অন্য আসামিদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। তাদের অবস্থান শনাক্তে মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে পুলিশ।
দেশ বাংলা টিভি ডেক্স