মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় অনুমোদনহীন নিম্নমানের সার্জিক্যাল পণ্য ও স্যানিটারি ন্যাপকিন তৈরির অভিযোগে 'এশা এন্টারপ্রাইজ' নামের একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অবৈধ উৎপাদনস্থল সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া মহানগরীর ফুলদিঘী উত্তরপাড়া ও এতিমখানা রোড সংলগ্ন এলাকায় র্যাব-১২ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এশা এন্টারপ্রাইজ কোনো প্রকার আইনি অনুমোদন ছাড়াই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের সার্জিক্যাল সামগ্রী এবং স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় কারখানার মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করা হয়।
জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনকারী দল।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)