নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী যাত্রীদের জন্য চালু হওয়া এ সেবায় চালক ও কন্ডাক্টর হিসেবে থাকবেন নারীরাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বিআরটিসি সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিন মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। তবে বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে যাত্রীসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক পর্যায়ে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এ বিশেষ সেবায় যুক্ত করা হয়েছে।
নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে পরবর্তী সময়ে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
নারীদের জন্য আলাদা এ বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে তাদের নিরাপদ যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দেশ বাংলা টিভি ডেক্স