রিমন সিদ্দিকী নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামে মাদক পাচারের একটি চালান আটকে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধরলা সেতুর টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১০ কেজি গাঁজা। এ ঘটনায় গাড়িতে থাকা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত প্রায় ১২ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনের সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১০টি প্যাকেটের সন্ধান মেলে। প্যাকেটগুলো খুলে পাওয়া যায় ১০ কেজি গাঁজা।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও একই এলাকার লিটন কাজী (২৬)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামে মাদক নির্মূলে অভিযান ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স