আন্তর্জাতিক ডেক্স:
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলকারী একটি নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের বড় একটি অংশ শিশু বলে জানিয়েছে স্থানীয় সূত্র। দুর্ঘটনার পরও নদীতে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউয়ের কাছে নদীতে নৌকাটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, নৌকাটিতে ধান কাটার কাজে যাওয়া কৃষক ও দিনমজুররা ছিলেন। ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী ওঠায় নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যায়।
অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডব্লিউএ) স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানিয়েছেন, নদী থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য নাসিরু আদামুর ভাষ্য অনুযায়ী, নৌকাটির অধিকাংশ যাত্রীর বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শারহাবিলু কিলিয়া জানান, গণদাফনের প্রস্তুতির আগে স্থানীয় একটি মসজিদের আঙিনায় ৫০টি মরদেহ রাখা হয়েছিল। স্থানীয় সূত্রগুলোতে মৃতের সংখ্যা ৫৩ ছাড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
বর্ষাকালে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির ইয়োবে রাজ্যে একটি ত্রুটিপূর্ণ নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।
Sources: Reuters + AP
দেশ বাংলা টিভি ডেক্স