মো: মেহেদী হাসান, বগুড়া(আঞ্চলিক)প্রতিনিধি:
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে চালক, পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করতে সচেতনতামূলক সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
মঙ্গলবার বিকেলে উপজেলার কিচক বন্দরে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা রোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার হতে হবে এবং ব্যবসায়ীদের সড়কের ওপর অবৈধভাবে মালামাল রাখা থেকে বিরত থাকতে হবে। সবার সম্মিলিত সচেতনতাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারে।
এ সময় আরও বক্তব্য রাখেন উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিএনপি নেতা রাব্বিন হোসেন, এসআই হোসেন আলী, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি শাজাহান আলী, কনক দেব, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী প্রমুখ।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে পথচারী ও স্থানীয়দের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
দেশ বাংলা টিভি ডেক্স