নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় যৌতুক নিরোধ আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি টিপু সুলতানকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, টিপু সুলতান বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের আবুল কাসেমের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনা আদালতে যৌতুক নিরোধ আইনে সিআর ৬৭১(১)২০২৫ নম্বর মামলা ছিল। মামলার বিচার শেষে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সম্প্রতি গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, টিপু সুলতান গাজীপুরের জয়দেবপুর এলাকায় অবস্থান করছেন। পরে বারহাট্টা থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স