সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি তেলবাহী ট্যাংকলরি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং যাত্রীরা হতাহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখছে সংশ্লিষ্টরা।
এদিকে একই মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর আগে গত ৭ আগস্ট ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছিলেন।
সেই ঘটনার পর আবারও একই এলাকায় প্রাণহানির ঘটনায় মহাসড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেশ বাংলা টিভি ডেক্স