বিশেষ প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর পুকুরের পানিতে ভেসে উঠল দুই শিশুর মরদেহ। রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা এসে সেগুলো উদ্ধার করেন।
নিহত দুই শিশু হলো, মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান ও ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল। রোহান শিশু শ্রেণিতে এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল একসঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে সন্ধান চালিয়েও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
পরে সোমবার ভোরে গ্রামের একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহ দুটি উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝে মাঝে এলাকার জলাশয়ে মাছ ধরতে যেত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না। এ কারণে পুকুরে নামার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স