নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্মৃতির বাড়িতে প্রবেশ করে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত শাওন। হামলার একপর্যায়ে স্মৃতির ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়ের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পরে আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শাওনের সঙ্গে স্মৃতির প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো বিরোধ হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সম্পর্কের বিষয়কে কেন্দ্র করেই হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার পর অভিযুক্ত শাওন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বাবার নাম আবু তালেব। তিনি শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। হামলার প্রকৃত কারণ ও ঘটনার পেছনে কোনো পূর্ববিরোধ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছ।
দেশ বাংলা টিভি ডেক্স