জামালপুরের মাদারগঞ্জে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় দোকান বন্ধ থাকার পর স্বজনরা তালা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সামিউল ইসলাম ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে ভাঙারি মালামালের ব্যবসা করতেন। ব্যবসার দোকানটিই ছিল তার নিয়মিত থাকার জায়গা। সেখানে রান্না করে খাওয়া এবং রাতযাপন করতেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন সামিউল। পরদিন বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় পেরিয়ে গেলেও দোকানটি খোলা হয়নি। এতে পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
একপর্যায়ে রাত ৮টার দিকে সামিউলের ভাই রিক্সন দোকানে গিয়ে তাকে ডাকতে থাকেন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি দোকানের তালা ভেঙে শাটার খুলে প্রবেশ করেন। তখন দোকানের মেঝেতে সামিউলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর দেওয়া হলে মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাত ১০টার দিকে মরদেহটি থানায় নেওয়া হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
দেশ বাংলা টিভি ডেক্স