ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বগুড়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মোটরসাইকেলে আসা ছিনতাইকারী ব্যাগ টান দেওয়ার সময় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখ দেখাতে রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে তিনি রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে রিকশাটির পাশে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান ওই শিক্ষিকা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।