মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও কন্যাকে ছুরিকাঘাতের অভিযোগে আশিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ভোর ৫টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আশিক ও তার স্ত্রী মোছাঃ পারভীনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশিক ধারালো ছুরি দিয়ে পারভীনকে আঘাত করেন। এ সময় তাদের মেয়ে রোজা মুনিও ছুরিকাঘাতের শিকার হন।
দুজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর আশিক ঘটনাস্থল থেকে সরে যান। খবর পেয়ে পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে এর আগেও পারিবারিক বিষয় নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। তবে এবার স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আহতদের চিকিৎসার পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স