বিশেষ প্রতিনিধি:
সুপারি পাড়তে রাজি না হওয়ায় লক্ষ্মীপুরে রিশাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতু ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে বলে জানা গেছে।
স্বজনদের অভিযোগ, রুবেল মাদকাসক্ত এবং মাদক সেবনের পাশাপাশি কেনাবেচার সঙ্গেও জড়িত। ঘটনার সময় তিনি রিশাদকে সুপারি গাছে উঠে সুপারি পাড়তে বলেন। এতে শিশুটি অপারগতা প্রকাশ করলে রুবেল ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ছুরি দিয়ে রিশাদের পেটে পরপর কয়েকবার আঘাত করা হয়।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় রিশাদ মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে শিশুটিকে ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়েন রুবেল। পরে তাকে আর এলাকায় পাওয়া যায়নি। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শামীম আফজাল জানান, রিশাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শিশুটির শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ ফারবেজ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স