জাহাঙ্গীর আলম স্টাফ ::
নেত্রকোনার কেন্দুয়াতে সড়কে চলন্ত একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুজনের। নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক এবং অপরজন গৃহবধূ। এ ঘটনায় একটি শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত নামার আগেই কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক সড়কের রামপুর বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চান্দপাড়া কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে।
সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। গাড়িটির ভেতরে থাকা চালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং যাত্রী লিজা আক্তার (৪০) ঘটনাস্থলেই মারা যান।
নিহত ওয়াজেদ মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অপর নিহত লিজা আক্তার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাসিন্দা এবং বাবু মিয়ার স্ত্রী। তাঁর স্বামী বিজিবিতে কর্মরত বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।
দুর্ঘটনার পর ট্রাকটি ও এর চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স