মো: স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় চোর সন্দেহে শামিম হোসেন (৩৫) নামে এক যুবককে রাতভর মারধর ও নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে। শামিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনেরা সকালে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত শামিম হোসেন সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহতের শাশুড়ি ছোবেদা বেগমের দাবি, তাঁর মেয়ের জামাইয়ের দাফন অনুষ্ঠানে যোগ দিতে শামিম বারপুর এলাকায় গিয়েছিলেন। রাতে এলাকায় হাঁটাহাঁটির সময় তাঁকে চোর সন্দেহে আটক করা হয়। এরপর নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবিএম শাফিসহ কয়েকজন তাঁকে ধরে নিয়ে রাতভর মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ তাঁর।
ছোবেদা বেগম আরও বলেন, নির্যাতনের একপর্যায়ে শামিম গুরুতর আহত হয়ে পড়লে তাঁকে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স