মো: স্বাধীন খান, বাগুড়া (জেলা) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সড়কে বিকল হয়ে পড়া কাঠবোঝাই ট্রাক মেরামত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনজন। ট্রাকটি জ্যাকের ওপর তুলে মেরামতের সময় হঠাৎ সেটি খুলে নিচে পড়ে গেলে চাপা পড়েন তারা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিস এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৩৫), নন্দীগ্রাম উপজেলার হানজালা আহম্মেদ (৩০) ও লিটন হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকামুখী কাঠবোঝাই ট্রাকটি মহিপুর এলাকায় এসে যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। পরে ট্রাকটি সচল করতে তিনজন মেরামতের কাজে যুক্ত হন। কাজের সুবিধার্থে জ্যাক দিয়ে ট্রাকের একটি অংশ উঁচু করে নিচে অবস্থান নিয়ে মেরামতের কাজ করছিলেন তারা। একপর্যায়ে কোনো কারণে জ্যাকটি সরে বা খুলে গেলে ভারী ট্রাকটি আকস্মিকভাবে নিচে নেমে আসে। এতে ট্রাকের নিচে থাকা তিনজনই চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে চিকিৎসা দেওয়া হলেও বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে তিনিও মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকল ট্রাকটি মেরামতের সময় জ্যাক খুলে যাওয়ায় ট্রাকের নিচে থাকা তিনজন চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)