নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।
দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুজাউদ্দিন জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স