চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলসহ ৭৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
জব্দ করা এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৪০০ টাকা। আর মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, গত আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৫২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৩০টি ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করেছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স