মো: স্বাধীন খান,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম গাড়িটির সামনে পড়ে যান।
তাঁকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে বৃদ্ধা গুরুতর আহত হন। এ সময় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হন বলে জানা গেছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স