স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের জন্য মজুত করা বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন মায়ানমারের নাগরিক এবং অপরজন বাংলাদেশি।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় একটি বাড়িতে মাদক মজুতের গোপন তথ্য পায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। পরে বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনক বাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে মায়ানমারের দুই নাগরিককে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিককেও আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ানমারের দুই নাগরিক জানিয়েছেন, ইয়াবার চালান নিয়ে তারা নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর ওই বাড়িতে অবস্থান করছিলেন তারা। পরিকল্পনা অনুযায়ী, বাড়ির মালিকের সহায়তায় ইয়াবা বাংলাদেশে আনার পাশাপাশি ফেরার সময় বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ঔষধ মায়ানমারে পাচারের কথা ছিল।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ও ঔষধ এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স