স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের বটির কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন মিয়া কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ নিয়ে পরিবারে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি চলছিল। ঘটনার দিন সকালে আলাই মিয়া ছেলেকে খাবার খাওয়ার জন্য ডাকেন। এ সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আলাই মিয়া গুরুতর আহত হন।
তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ইয়াছিনকে আটক করেন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
গুরুতর আহত আলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দেশ বাংলা টিভি ডেক্স