বিশেষ প্রতিনিধি:
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির টহল দল একাধিক স্থানে অভিযান চালায়।
অভিযানকালে ভারতীয় বিভিন্ন পণ্যসহ বিপুল পরিমাণ গরু ও মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার-টিউব, চিনি ও জুস জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও উদ্ধার করে বিজিবি।
সব মিলিয়ে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার ঠেকানোর পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সীমান্ত পয়েন্টে অভিযান চালানো হয়।
জব্দ করা পণ্যগুলোর বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স