ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার হইতে দুপচাঁচিয়ার তিশিগারি চার লেন এখন সময়ের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু ছবির ক্যাপশন: বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বীরকেদার থেকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগারি পর্যন্ত সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ব্যস্ত এই মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘদিন ধরে সরু থাকায় যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

স্থানীয়দের ভাষ্য, বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের পরিধি সেই তুলনায় বাড়েনি। ফলে বিপরীতমুখী যানবাহন চলাচলের সময় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিশেষ করে কাহালুর বীরকেদার থেকে দুপচাঁচিয়ার তিশিগারি পর্যন্ত অংশে সড়ক দুর্ঘটনার প্রবণতা বেশি বলে দাবি করছেন স্থানীয়রা। তাদের মতে, দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ছোট যানবাহন ও পথচারীদের চলাচল থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। রাত ও বৃষ্টির সময় ঝুঁকি আরও বৃদ্ধি পায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই মহাসড়কটি উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোর একটি। সময়ের সঙ্গে সড়কটিতে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই বর্তমান দুই লেনের সড়ক দিয়ে ক্রমবর্ধমান যানবাহনের চাপ নিরাপদভাবে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
তাদের দাবি, দুর্ঘটনা কমানো এবং যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বীরকেদার থেকে তিশিগারি পর্যন্ত অংশটি অগ্রাধিকার ভিত্তিতে চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বগুড়া সার্কেলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বগুড়া জেলায় ১১৬টি সড়ক দুর্ঘটনায় ৬৫ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। আর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত জেলায় ৮২টি সড়ক দুর্ঘটনায় ৯০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় হতাহতের এই পরিসংখ্যানকে উদ্বেগজনক উল্লেখ করে স্থানীয়রা বলছেন, শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, দুর্ঘটনা প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

 এজন্য বগুড়া-নওগাঁ মহাসড়কের বীরকেদার-তিশিগারি অংশ চার লেনে উন্নীত করার পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমীক্ষা ও পরিকল্পনা গ্রহণ করবে এবং এই গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ নেবে।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।