গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয় থেকে চটের বস্তায় ভরা এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ভবানীপুর এলাকায় হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালে একটি লাগেজ ভাসতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে খুললে এর ভেতর নারীর মরদেহের পায়ের অংশ দেখতে পাওয়া যায়।
এর কিছুক্ষণ পর একই এলাকার পাশের একটি জলাশয়ে চটের বস্তা ভাসতে দেখা যায়। পুলিশ সেটিও উদ্ধার করে খুললে সেখানে নারীর মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মরদেহটি খণ্ডিত করে পৃথকভাবে ফেলে রাখা হয়েছিল।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ভবানীপুর এলাকা থেকে লাগেজ ও একটি চটের বস্তার ভেতর থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহ ফেলার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর কারণ এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
দেশ বাংলা টিভি ডেক্স