নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করেছে বিজিবি।
এ ঘটনায় মাদক বহনের অভিযোগে ২৫ বছর বয়সী মোঃ আলতাফুর রহমানকে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নাগরভিটা বিওপির আওতাধীন বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বিজিবির দেওয়া তথ্যমতে, সীমান্ত এলাকায় মাদক পাচারের বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য যাচাই করে একটি বিশেষ টহল দল বেলতলায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে আলতাফুর রহমানকে আটক করা হয়।
স্থানটি সীমান্তের মেইন পিলার ৩৭৭ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দেড় কিলোমিটার দূরে বলে জানিয়েছে বিজিবি।
আটক যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম নাসির উদ্দিন। অভিযানের সময় তার কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল পাওয়া যায়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
নাগরভিটা বিওপির হাবিলদার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ও চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর কথাও জানিয়েছে বাহিনীটি।
বিজিবির ভাষ্য, মাদক চোরাচালানের পাশাপাশি মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতেও নজরদারি অব্যাহত রয়েছে। এসব অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
দেশ বাংলা টিভি ডেক্স