আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সংগীত, আবৃত্তি, হামদ-নাত, রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, নৃত্য ও অভিনয়সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতার ভানু, গিয়াস উদ্দিন এবং সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ।
এ সময় উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে তাদের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
দেশ বাংলা টিভি ডেক্স