মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় একটি ডোবা থেকে আব্দুর রহমান নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রহমান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)