স্টাফ রিপোর্টার:-কক্সবাজারে অভিনব কায়দায় পাচারের সময় ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় বিজিবির একটি দল। তল্লাশির একপর্যায়ে গাড়ির নিচের অংশে ওয়েল্ডিং করে বানানো গোপন চেম্বারের ভেতর থেকে বার্মিজ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় ঘটনাস্থল থেকে মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজার সদরের দক্ষিণ মহুরীপাড়া লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে। পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম উঠে এসেছে - মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) ও মো. মুনসুর (৫৫)। তারা পলাতক রয়েছে।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স