স্টাফ রিপোর্টার:-
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তারা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে এসেছিলেন। আদালত চত্বরে একটি আইনজীবীর চেম্বারে অবস্থানের সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে রানদা, চাপাতি ও দাসহ কয়েক ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ারের তত্ত্বাবধানে এবং ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
একসঙ্গে ১১ জনকে অস্ত্রসহ আটকের ঘটনায় আদালত এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে তারা কোন মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং কী উদ্দেশ্যে তাদের কাছে এসব অস্ত্র ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অস্ত্র বহনের কারণসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স