মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। ঠেঙ্গামারা এলাকায় মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স