স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের আনজুমানপাড়া সংলগ্ন ফাইস্যাখাল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার নলবনিয়া বুছারগুনা এলাকার নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন পাওয়া যায়। এসব কার্টনের ভেতর থেকে মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের ভেতরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার কথা স্বীকার করেছে।
ইয়াবা পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স