আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাপায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজ ইসলাম (৬০)। তিনি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার জায়েদা মার্কেটের বাসিন্দা এবং মৃত এশাক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সিরাজ ইসলাম অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি ট্রাকের নিচে চাপা পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার বড় ছেলে মো. মিজান হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স