কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির কাছের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো,ওই গ্রামের সিদ্দিক হোসেনের দুই বছরের মেয়ে নুসাইবা এবং মরিয়মের তিন বছরের মেয়ে আদিবা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আশপাশে খেলছিল নুসাইবা ও আদিবা। একপর্যায়ে পরিবারের সদস্যদের নজরের বাইরে চলে যায় তারা। পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে দুই শিশুকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
দেশ বাংলা টিভি ডেক্স