আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। অভিযানে ১০০ কেজি গাঁজা ছাড়াও একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়সংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানটি চালানো হয়। এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লার মো. রাজু ইসলাম (৩০) এবং টাঙ্গাইলের হেলাল মিয়া (৪২)।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, চেকপোস্টে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।
একই সময় ভ্যানটির পেছনে থাকা একটি মোটরসাইকেলেও নজরদারি করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক থাকার বিষয়টি জানা গেলে কাভার্ডভ্যানের ভেতরে তল্লাশি চালানো হয়। পরে প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আটক তিনজনকে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স