কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় এ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উখিয়ার জীম্বংখালী নয়াপাড়া এলাকার মো. সোহেল রানা (২১) ও মো. মামুন (২১)।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তের দিক থেকে দুই যুবক পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাদের থামার জন্য সংকেত দেওয়া হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে টহল দলের সদস্যরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন।
আটকদের সঙ্গে থাকা পোটলাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন পাওয়া যায়। এসব কার্টন থেকে গণনা করে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার কথা জানিয়েছে বলে বিজিবি জানিয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।
দেশ বাংলা টিভি ডেক্স