মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
:
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কাউড়া ও তিনদিঘী বাজারে অভিযান চালিয়ে তিন সার ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) কাহালু উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাউড়া এলাকার মেসার্স তিন ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোহেল রানাকে সার ব্যবস্থাপনা সংরক্ষণ আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া তিনদিঘী বাজারের মেসার্স আনোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনকে একই আইনের ১২(৩) ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
একই বাজারের আজমল ট্রেডার্সের স্বত্বাধিকারী আজমল হোসেন লাল্টুকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ না করলে ১৫ দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
অভিযানকালে কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তানভীর হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাজারে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স